বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শেয়ারবাজার। এ বাজারের সঙ্গে মুদ্রানীতি সরাসরি সম্পৃক্ত। মুদ্রানীতি ঘোষণার আগে শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের (অংশীজন) মতামত নেওয়া হবে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট: ইমপ্লিকেশন অন প্রাইভেট সেক্টর’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রবিবার (২৪ ফেব্রুয়ারি) ডিএসই থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সভাটির আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এতে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি ওসমান তাসীর।
বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত মুদ্রানীতি প্রণয়নে অংশগ্রহণ করতে চায় শেয়ারবাজারের স্টেকহোল্ডাররা। গভর্নরের কাছে স্টেকহোল্ডারদের পক্ষে এ দাবি তুলে ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি বলেন, মুদ্রানীতি ঘোষণাকে কেন্দ্র করে শেয়ারবাজারে বিভিন্ন গুজব ও আতঙ্ক তৈরি হয়। কিন্তু মুদ্রানীতি প্রণয়নে যদি আমাদের অংশগ্রহণ থাকে, তবে সেই সমস্যা কেটে যাবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআর), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সমন্বয়ে একটি কমিটি গঠনের মাধ্যমে শেয়ারবাজার সংশ্লিষ্ট মতামত তুলে ধরা যেতে পারে’ বলেও অভিমত দেন ডিএসই’র এ পরিচালক।
সভায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি মো. শাকিল রিজভী বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ঋণের পরিবর্তে শেয়ারবাজারকে উৎসাহিত করতে হবে। এ ক্ষেত্রে বিএসইসির মতো বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাহলে খেলাপি ঋণের পরিমাণ কমবে।








