বাংলাদেশের বাজারে জার্মান ভিত্তিক তেল পরিশোধন যন্ত্র ‘ভিটো’ নিয়ে এলো মেঘনা এক্সিকিউট হোল্ডিংস। শনিবার (৯ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মধ্যেমে এর উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পরিবেশবান্ধব ভিটো ব্যবহারে তেলের অপচয় ৫০ শতাংশ পর্যন্ত কমে আসে বলে জানান মেঘনা এক্সিকিউট হোল্ডিংসের পরিচালক দেওয়ান মোহাম্মদ সাজিদ আফজাল। তিনি বলেন, ‘ভিটো কোনও রাসায়নিক বা ক্ষতিকর দ্রব্য ব্যবহার না করেই রান্নার তেল, চর্বি এমনকি তেলে জমে যাওয়া ময়লা মাত্র ৪ মিনিট ৩০ সেকেন্ডে পরিষ্কার করে। এজন্য কোনও সুপারভিশন বা তদারকির প্রয়োজন হয় না। সমগ্র বডি স্টেইলনেস স্টিলের হওয়ায় গরম তেল ফ্রাইয়ারেও এটি চালানো যায়। ফলে শ্রম ও সময় দুটোই সাশ্রয় করে ভিটো।’
সংবাদ সম্মেলনে জানানো হয়— ভিটোর পণ্য তালিকায় রয়েছে ভ্রাম্যমাণ তেল ফিল্টার সিস্টেম, রান্নার তেল পরীক্ষার জন্য সহজ মান পরিমাপক ব্যবস্থা (ইজি কোয়ালিটি মেজারমেন্ট সিস্টেম) ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ইউনিট। রান্নার তেল ব্যবস্থাপনার জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে ভিটোর পণ্য তালিকা প্রতিনিয়ত উন্নত ও বিস্তৃত হচ্ছে।
ভিটোর সহকারী ব্যবস্থাপক দীপক কুমার মোহন্ত জানান, ভিটো বিশ্বের এক নম্বর ব্র্যান্ডের ইন-ট্যাংক ফিল্টারেশন ব্যবস্থা। আন্তর্জাতিকভাবে ভিটো বেশ কয়েকবার পুরস্কার অর্জন করেছে। বিশ্বের দেড়শতাধিক দেশে এটি ব্যবহার হচ্ছে। বাংলাদেশ ও ভারতে ভিটোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করেছে মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস।
জানা গেছে, বিশ্বের বেশ কয়েকটি বিখ্যাত ব্র্যান্ড ভিটো ব্যবহার করে। এগুলোর মধ্যে রয়েছে বার্গার কিং, হিল্টন, ম্যারিয়ট ও নান্দোস। এছাড়া অসংখ্য ছোট রেস্তোরাঁ খাবারের মান ও তেল সাশ্রয়ের জন্য বেছে নেয় ভিটো।








