আর্থসামাজিক উন্নয়নে তুলা চাষ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বর্তমানে হাইব্রিড সিড প্রবতর্নের মাধ্যমে চাষি পর্যায়ে তুলা চাষের ব্যাপক সাড়া পড়েছে। বাংলাদেশ তুলা রফতানিকারক দেশ হলেও আমদানি নির্ভরতা কমিয়ে আনতে তুলা চাষে প্রাধান্য দেওয়া হচ্ছে। এ জন্য উপকূলীয় অঞ্চলে এমনকি রবি মৌসুমে আমন ধান কাটার পর তুলা চাষ করা হচ্ছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও কেন্দ্রীয় এশিয়া অঞ্চলের বাণিজ্য বিষয়ক উপ-সহকারী জেবা রিয়াজউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জোরদার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে কৃষি। বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকারী রাষ্ট্রও যুক্তরাষ্ট্র।’
এসময় প্রতিনিধি দলের সদস্যরা কৃষিতে বাংলাদেশের সাফ্যলে প্রশংসা করেন এবং কৃষির উন্নয়নে পাশে থাকার কথা বলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ১৯৪৯ সাল থেকে। যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাংলাদেশের যেমন প্রয়োজন তেমনি ভূ-রাজনৈতিক কারণে তাদেরও এ সম্পর্কে উন্নত রাখতে হবে।








