বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ১৫তম আন্তর্জাতিক ক্ষুদ্র বিমা সম্মেলন। জার্মানিভিত্তিক মিউনিক রি ফাউন্ডেশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। আগামী ৫-৮ নভেম্বর হোটেল সোনারগাঁওয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মেলনটি উদ্বোধন করার কথা রয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে বিআইএ-এর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানিয়েছেন বিআইএ এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিআইয়ের সিনিয়র ভাইস প্রেডিডেন্ট ড.রুবানা হামিদ, ভাইস প্রেডিডেন্ট মনিরুল আলম, কার্যনিবার্হী সদস্য মোজাফফর হোসেন পল্টু, আদিবা রহমান প্রমুখ।
শেখ কবির বলেন, সম্মেলনে অংশগ্রহণের জন্য এরই মধ্যে ১৫৪ জন রেজিস্ট্রেশন করেছেন। এতে বিশ্বের ৪০ থেকে ৫০টি দেশের ৪৬০ জন প্রতিনিধি ও বিমা বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন। বিদেশিদের জন্য আবেদন ফি ধরা হয়েছে ৩০০-৭০০ ডলার।
সম্মেলনে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দারিদ্র্য জনগোষ্ঠীর অর্থনৈতিক বিষয়ে দেশের বিশেষজ্ঞরা আলোচনা করবেন। সম্মেলনে নানাবিধ বিষয় নিয়ে ২০টি সেশন অনুষ্ঠিত হবে।








