সরকার দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা, ভুটান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরের আলোচনা চলছে। আরও বেশ কয়েকটি দেশের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। শনিবার (২৩ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ‘বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ’ আয়োজিত ‘ইজ অব ডুয়িং বিজনেস: ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে তিনি এই তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে বিপুল পরিমাণ কর্মক্ষম জনশক্তি রয়েছে। এই জনগণকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকার উদ্যোগ নিয়েছে। কারিগরি শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে এখন পরিবেশবান্ধব কারখানা গড়ে উঠেছে। তৈরি পোশাক রফতানিতে চীনের পর এখন ভিয়েতনাম বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। ভিয়েতনামকে মোকাবিলা করতে ব্যবসা-বাণিজ্য সহজ ও দক্ষ করতে হবে। বিশ্ববাণিজ্যে এগিয়ে যেতে হলে দক্ষতা, ব্যবসা-বাণিজ্য সহজ করার বিকল্প নেই।’
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মো. শফিউল আলম মহিউদ্দিন প্রমুখ।








