ব্যাক-টু-ব্যাক এলসির (ঋণপত্র) পেমেন্ট রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ নিয়ে পরিশোধ করার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাক টু ব্যাক এলসির মূল্য ইডিএফ তহবিল থেকে ঋণ নিয়ে পরিশোধ করা যাবে। এটি এক ধরনের বেইল আউট প্যাকেজ বলে অভিহিত করেছে বাংলাদেশ ব্যাংক। আগে ব্যাক টু ব্যাক এলসি খোলার সর্বমোট সময় ছিল ১৮০ দিন। এখন থেকে ব্যাক টু ব্যাক এলসি খুলতে সময় পাবেন ৩৬০ দিন।
জানা গেছে, রফতানিকারকরা ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে বিদেশ থেকে শিল্পের কাঁচামাল আমদানি করেন। পরে রফতানি প্রক্রিয়া শেষ হলে সমন্বয়ের মাধ্যমে আমদানি বিল পরিশোধ করা হয়। কিন্তু এখন রফতানি বন্ধ। অন্যদিকে বিদেশি ব্যাংকগুলো আমদানি দায় পরিশোধের সময় বাড়াতে নারাজ। এমন পরিস্থিতিতে ইডিএফ থেকে অর্থ নিয়ে এলসির বিল পরিশোধ করার সুযোগ করে দিলো বাংলাদেশ ব্যাংক।








