করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটিতে দেশের বাণিজ্যিক এলাকা ঢাকার মতিঝিল ও দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে অবস্থিত সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে এসব এলাকায় ব্যাংকগুলোর লেনদেন ও খোলা রাখার সময়ও বাড়ানো হয়েছে। আগামী ২৬ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, বাণিজ্যিক এলাকায় আগামী ২৬ এপ্রিল থেকে সকাল ১০টায় শুরু করে দুপুর ২টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর ব্যাংক খোলা থাকবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
উল্লেখ্য, ২৬ তারিখ বা তার আগের দিন থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা (রমজান শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে দেশের বিভিন্ন বন্দরের (সমুদ্র/স্থল/বিমান) মাধ্যমে আমদানি-রফতানি কার্যক্রমে সুবিধা প্রদানের উদ্দেশ্যে এসব এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/বুথসমূহ স্থানীয় প্রশাসনসহ বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার যে নির্দেশনা প্রদান করা হয়েছিল তা বহাল রয়েছে।
পাশাপাশি চট্টগ্রাম বন্দরে সৃষ্ট পণ্যজট নিরসনে আমদানি হওয়া পণ্য দ্রুত খালাসের মাধ্যমে অধিকতর সুবিধা দেওয়ার লক্ষ্যে দেশের প্রধান দু’টি বাণিজ্যিক এলাকা তথা ঢাকার মতিঝিল ও দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের শাখার বিষয়ে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে আরও বলা হয়, প্রধান দু’টি বাণিজ্যিক এলাকা ছাড়া দেশের অন্য এলাকায় সীমিত আকারে ব্যাংকগুলো খোলা থাকবে। এসব ব্যাংকের শাখায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।
পাশাপাশি করোনার কারণে সরকার ও স্থানীয় প্রশাসন যেসব এলাকা লকডাউন করবে ওই এলাকায় সব ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।








