শতভাগ রফতানিমুখী হিমায়িত মৎস্য রফতানিকারক প্রতিষ্ঠানে ব্যবহৃত কার্টুন ও এক্সেসরিজ সরবরাহে জটিলতা নিরসনে সাত সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কমিটিতে এনবিআরের সদস্য এএফএম শাহরিয়ার মোল্লাকে আহ্বায়ক ও দ্বিতীয় সচিব মুহাম্মদ ইমতিয়াজ হাসাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান, এনবিআরের প্রথম সচিব মোহাম্মদ শফি উদ্দিন, বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মস্তফা, একই সংগঠনের পরিচালক রেজাউল হক, শরিফা প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজার্স প্রাইভেট লিমিটেড এবং সাউথ এশিয়ান প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লি. এর এমডি মাহমুদ আহসান টিটু।
কমিটিকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের আবেদন এবং জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ পর্যালোচনা করে তাদের প্রতিবেদন দাখিল করবেন এবং কমিটি তাদের প্রয়োজনে অন্য যেকোনও সদস্য কো-অপ্ট করতে পারবেন।
রবিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত এনবিআরের সম্মেলন কক্ষে ১০০ ভাগ রফতানিমুখী হিমায়িত মৎস রফতানিকারী প্রতিষ্ঠানে ব্যবহৃত কার্টুন ও এক্সেসরিজ সরবরাহে জটিলতা নিরসনের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের যৌথসভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এএফএম শাহরিয়ার মোল্লা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) মহাপরিচালক বেলাল উদ্দিন, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান ও মংলা কাস্টম হাউসের কমিশনার আল-আমিন প্রামানিক।
এছাড়া বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সভায় উপস্থিত ছিলেন।
সভায় এনবিআরের চেয়ারম্যান বলেন, দেশের রফতানি খাতকে বিশেষভাবে উৎসাহ প্রদানের জন্য অনসৃত নীতিমালার ধারাবাহিকতায় দেশের ১০০ ভাগ রফতানিমুখী হিমায়িত মৎস রফতানিতে যেন কোনও প্রকার বিঘ্ন না ঘটে সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। বৈদেশিক মুদ্রা আহরণে সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে একটি রফতানি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ‘অংশীজনদের’ সব ধরনের সহযোগিতা প্রদান করাই আমাদের মূল লক্ষ।
/এসআই /এএইচ/








