রাজধানীর কাঁচাবাজারে কিছু দিন আগেও টমেটো, বরবটিসহ অন্তত ৬টি সবজির দাম ছিল (কেজিতে) একশ’ টাকার উপরে। এছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা কেজি দরে। কিন্তু শীতকালীন সবজি বাজারে আসার পর এখন বেশিরভাগ সবজির কেজি ৩০ টাকায় নেমে এসেছে। আরেকটি খবর হলো, পুরনো আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এই তথ্য জানা গেছে।
শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, শালগমের সরবরাহ বাড়ায় তিন সপ্তাহ ধরে রাজধানীর বাজারগুলোতে তুলনামূলক কম দামে সবজি পাওয়া যাচ্ছে। বেশিরভাগ সবজির কেজি এখন ৩০ টাকার মধ্যে।
এ প্রসঙ্গে কাওরান বাজারের ব্যবসায়ী আকতার হোসেন বলেন, ‘বাজারে সব ধরনের সবজির সরবরাহ বাড়ার কারণে দাম কমে এসেছে। বিশেষ করে নতুন আলুর সরবরাহ বেড়েছে।’ তিনি বলেন, ‘নতুন আলু এখন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিছু দিন আগে এর চেয়ে ছোট আলু ১০০ টাকা কেজিতে বিক্রি করেছি।’ কিছু দিনের মধ্যে আলুর দাম আরও কমে আসবে বলে তার ধারণা।
শুক্রবার (১১ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পুরাতন আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আর নতুন আলুর কেজি ৪০ থেকে ৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা।
এর আগে আলুর অস্বাভাবিক দাম বাড়ায় গত সেপ্টেম্বর ও অক্টোবর দুই দফা আলুর দাম বেঁধে দেয় সরকার। সর্বশেষ ৭ অক্টোবর খুচরা পর্যায়ে আলুর কেজি ৩৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।
এদিকে গত সপ্তাহের মতো শিম বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে। ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। মূলা ১০ থেকে ১৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। ৩৫ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় লাউ। গাজর বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
এছাড়া বেগুন ৩০ থেকে ৪০ টাকা, উস্তে ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা এবং পটল ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারের তথ্য বলছে, বেশিরভাগ সবজির দাম কমলেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও বরবটি। পাকা টমেটোর কেজি ৮০ থেকে ১০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা। আর বরবটি গত সপ্তাহের মতো ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে পেঁয়াজের দামও কিছুটা কমেছে। দেশি পেঁয়াজের কেজি ৫০ থেকে ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। আমদানি করা পেঁয়াজ গত সপ্তাহের মতো ৩০ থেকে ৪০ কেজিতে পাওয়া যাচ্ছে। কাঁচামরিচ আগের সপ্তাহের মতো এক পোয়া (২৫০ গ্রাম) বিক্রি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা।
অবশ্য বাজারে সবজির দামে স্বস্তি থাকলেও নতুন করে বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ৫ টাকা বেড়ে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা। ডিম ব্যবসায়ীরা বলছেন শীতের কারণে ডিমের সরবরাহ কমে গেছে, এ কারণে দাম বাড়ছে।
এ প্রসঙ্গে রাজধানীর গোপিবাগ এলাকার ব্যবসায়ী মো. আলাউদ্দিন বলেন, ‘শীতের কারণে বাজারে ডিমের সরবরাহ কিছুটা কমেছে। এ কারণে দাম বেড়েছে।’








