অষ্টম বেতন কাঠামোতে বাংলাদেশ ব্যাংককে ‘অবনমন’ করার প্রতিবাদে সহস্রাধিক কর্মকর্তা নিজের লেখার কলম বাইরে রেখে দিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এক ঘণ্টার কর্মবিরতি দিয়ে এই কলম রেখে যাওয়াকে তারা ‘কলম বিরতি’ বলছেন। তবে দাবি আদায় না হলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সত্যি সত্যি কলম বিরতিতে যাবেন বলে হুশিয়ারি দিয়েছেন।
এদিকে নতুন কর্মসূচি ঘোষণার জন্য বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের শীর্ষ নেতারা।
এর আগে টানা মানববন্ধন করেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। মর্যাদার লড়াইয়ে কর্মকর্তারা কালো ব্যাজ ধারণসহ দুই দফা কর্মসূচি পালন করেন তারা। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপিও দেওয়া হয়েছে। তবে অর্থমন্ত্রী ব্যাংকারদের আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে অষ্টম বেতন কাঠামোতে কোনও পরিবর্তন আনার সম্ভাবনা নাকচ করেছেন। এর আগে দাবি আদায়ে সোমবার তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
গত ১৫ ডিসেম্বর সরকার নতুন বেতন কাঠামোর গেজেট জারির পর ২২ ডিসেম্বর মঙ্গলবার কাঠামোতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ‘অবনমন’ করা হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে কাউন্সিল। কাউন্সিলের অভিযোগ, সরকার ঘোষিত অষ্টম বেতন কাঠামোতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করার সময় সহকারী পরিচালকদের আগের বেতন কাঠামোতে বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান অর্থাৎ ৮ম গ্রেডে থাকলেও নতুন বেতন কাঠামোতে একধাপ পিছিয়ে নবম গ্রেডে দেওয়া হয়েছে। অবশ্য নতুন কাঠামোতে বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অষ্টম গ্রেডে রাখা হয়েছে।
/জিএম/এএইচ/
নতুন বেতন কাঠামোতে বাংলাদেশ ব্যাংককে অবনমন করার প্রতিবাদে বুধবার প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মকর্তাদের








