ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য সরকারের ব্যয় হবে ১৭৬ কোটি টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩১মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভা শেষে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
পরবর্তীতে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড.শাহিদা আক্তার জানান, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ৭টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে মোট ৬টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৯৫৭ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৮৮৫ টাকা।
ড. শাহিদা আক্তার বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১৭৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা। ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪১৬ মার্কিন ডলার। সভায় সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।









