তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) বর্তমান সভাপতি ড. রুবানা হক মঙ্গলবার (১৩ এপ্রিল) নতুন সভাপতি ফারুক হাসানের কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করবেন। বিজিএমইএ’র সচিব কমোডর (অব.) মো. আব্দুর রাজ্জাকের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘মঙ্গলবার দুপুরে গুলশানে সংগঠনের পিআর ও মিডিয়া সেলে বিজিএমইএ’র বিদায়ী বোর্ড (২০১৯-২১) এর কাছ থেকে নবনির্বাচিত বোর্ড (২০২১-২৩) দায়িত্বভার গ্রহণ করবেন।’
নতুন কমিটির প্রথম সহ-সভাপতির দায়িত্ব নেবেন চট্টগ্রামের সৈয়দ নজরুল ইসলাম।
সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম মান্নান কচি। বাকি পাঁচ জন সহ-সভাপতি হলেন— শহীদউল্লাহ আজিম (ঢাকা), খন্দকার রফিকুল ইসলাম (ঢাকা), মিরান আলী (ঢাকা), মো. নাছির উদ্দিন (ঢাকা) এবং রকিবুল আলম চৌধুরী (চট্টগ্রাম)।
জানা গেছে, রবিবার (১১ এপ্রিল) ২০২২-২০২৩ মেয়াদের জন্য নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে সভাপতি ও সাত জন সহ-সভাপতি পদে নির্বাচনের জন্য আট জন মনোনয়নপত্র জমা দেন। অন্য কেউ প্রতিদ্বন্দ্বী না থাকায় এই পদগুলোতে ১৬ এপ্রিল অনুষ্ঠেয় ভোটের প্রয়োজন হয়নি।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল বিজিএমইএ’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ড. রুবানা হকের প্যানেল থেকে জয়ী হয়েছেন ১১ জন।









