সরকারকে মানুষের কল্যাণের বিষয়টি দেখতে হবে বলে মনে করেন জাতীয় তামাকবিরোধী মঞ্চের আহ্বায়ক ও পিকেএসএফ’র চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, আমাদের সংবিধানেও এ বিষয়টিই উল্লেখ রয়েছে। কিন্তু সরকার তামাক থেকে শুধু রাজস্ব আয়ের বিষয়টি প্রাধান্য দেয়। অথচ মানুষের ওপর এর অভিঘাত কী সেটা মূল্যায়ন করে না।
মঙ্গলবার (২৭ এপ্রিল) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং এন্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মা আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এর সিনিয়র রিসার্চ ফেলো অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর রিসার্চ ডিরেক্টর ড. মাহফুজ কবীর, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে), বাংলাদেশ এর লিড পলিসি অ্যাডভাইজর মো. মোস্তাফিজুর রহমান, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের যুক্ত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রজ্ঞা ও আত্মা’র পক্ষ থেকে ২০২১-২২ অর্থবছরের জন্য তামাক কর ও দাম সংক্রান্ত বাজেট প্রস্তাব গণমাধ্যমে উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তাদের এই প্রস্তাব বাস্তবায়ন করা গেলে ৩ লাখ ৯০ হাজার বর্তমান ধূমপায়ী এবং ৪ লাখ তরুণের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে এবং সিগারেট থেকে সম্পূরক শুল্ক, স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং ভ্যাট বাবদ অতিরিক্ত ৩ হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আয় হবে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমাদের পাশের দেশ শ্রীলঙ্কার উদাহরণ কাজে লাগিয়ে আমরা তামাকের কর ও দাম বাড়াতে পারি। একে অপরের শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এর পাশাপাশি আমাদের তরুণ প্রজন্মের কাছে তামাকের ক্ষতি সম্পর্কে তুলে ধরতে হবে।
ড. নাজনীন আহমেদ বলেন, তামাকের ওপর সুনির্দিষ্ট হারে কর বসাতে হবে। এতে সরকার লাভবান হবে। করোনাকে ঘিরে একটি সুযোগ তৈরি হয়েছে, তামাকের স্বাস্থ্যক্ষতি বিষয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
ড. মাহফুজ কবীর বলেন, আমাদের তামাক-কর কাঠামোতে মৌলিক পরিবর্তন দরকার। এজন্য তামাক পণ্যে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করতে হবে। বিশেষ করে সিগারেটের নিম্নস্তরে প্রস্তাবিত কর ও দাম প্রস্তাব বাস্তবায়ন করা গেলে রাজস্ব আয় বাড়বে এবং নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যঝুঁকি কমবে কারণ সিগারেট ব্যবহারকারীদের প্রায় ৭২ শতাংশ নিম্নস্তরের সিগারেট ব্যবহার করেন।
মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আশা করছি এনবিআর এই বাজেট প্রস্তাব গ্রহণ করবে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে, তামাক ব্যবহার কমবে। তরুণরা তামাক ব্যবহার শুরু করতে নিরুৎসাহিত হবে।









