৭২ ঘণ্টার মধ্যে রাজধানীর হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করলে কারখানাগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে রবিবার বিসিককে ট্যানারি মালিক বরাবর উকিল নোটিশ পাঠানোর নির্দেশনাও দিয়েছেন শিল্পমন্ত্রী। ৭২ ঘণ্টার মধ্যে কোনও ট্যানারি মালিক কারখানা স্থানান্তরে ব্যর্থ হলে, সাভারের চামড়া শিল্পনগরীতে তার নামে বরাদ্দকৃত প্লট বাতিলেরও নির্দেশ দেন তিনি।
চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে শিল্পখাতের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম মূল্যায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সংস্থার প্রধানদের নিয়ে আয়োজিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রবিবার এ সভা অনুষ্ঠিত হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।
সভায় শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা, করপোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় ২০১৫-২০১৬ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর অর্থছাড় ও ব্যয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য প্রতি দশ দিন পর পর সংস্থা প্রধানদের নিয়ে মূল্যায়ন সভা ও অগ্রগতি পর্যালোচনার জন্য শিল্পসচিবকে নির্দেশনা দেন।
সভায় সাভারে বাস্তবায়নাধীন চামড়া শিল্পনগরী প্রকল্পের অগ্রগতি মূল্যায়নকালে শিল্পমন্ত্রী বলেন, নির্ধারিত সময় সীমার মধ্যে চামড়া শিল্পনগরীতে সিইটিপির বর্জ্য পরিশোধন কাজ শুরু করতে হবে। যেসব ট্যানারি মালিক নির্মাণকাজে দেরি করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা ট্যানারি স্থানান্তরের জন্য সরকারের দেওয়া ক্ষতিপূরণের অর্থ নিয়েও কাজ বন্ধ রেখেছেন, তাদের কারখানার মালামাল ক্রোক করা হবে বলেও তিনি জানান।
সভায় ভোক্তা পর্যায়ে আয়োডিনযুক্ত ভোজ্য লবণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে বাজার থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য বিএসটিআইকে নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে লবণ আমদানিকারকদের তালিকা সংগ্রহ করে তাদের কার্যক্রম তদারকির নির্দেশনাও দেওয়া হয়।
/এসআই/এফএ/








