২৪ জানুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সোমবার দুপুরে কাউন্সিলের নেতারা জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন। রবিবার রাতে এক আদেশে বাংলাদেশ ব্যাংক ও এর চারপাশে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে কেন্দ্রীয় ব্যাংক। এই আদেশের পরিপ্রেক্ষিতে অফিসার্স কাউন্সিল ২৪ জানুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের পাঁচতলায় রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অফিস। নতুন বেতন কাঠামাতে কেন্দ্রীয় ব্যাংককে অবনমন করার প্রতিবাদে টানা আন্দোলন চলাকালে রবিবার আইএমএফের এক কর্মকর্তাকে বহনকারী গাড়ি আটকে দেন কর্মকর্তারা। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ওইদিন ১০টা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালনের উদ্দেশ্যে কর্মকর্তারা ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে অবস্থান নেওয়ার সময় ব্যাংকের একজন কেয়ারটেকার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে চাপা উত্তেজনার সৃষ্টি হয়। এই দুই ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা দুই দফা বৈঠক করে ব্যাংকের ভেতর ও আশপাশে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।
উল্লেখ্য, আগের সব বেতন স্কেলে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা একই গ্রেডভুক্ত ছিলেন। কিন্তু নতুন স্কেলে সহকারী পরিচালক পদ এক ধাপ নিচে নামিয়ে নবম গ্রেডে দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংককে অন্যান্য সরকারি ব্যাংকের সঙ্গে একই ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই পদাবনমনের প্রতিবাদে কর্মকর্তারা আন্দোলন করে আসছিলেন।
/জিএম/এফএ/








