সার্ক গঠনের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন ভারতে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, আঞ্চলিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য জটিলতা দূর করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন প্রয়োজন। সম্মিলিতভাবে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষা করা সম্ভব। সোমবার অন্ধ্র প্রদেশে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, মিনিস্ট্রি অব কমার্স এবং স্টেট গভর্নমেন্ট অব অন্ধ্র প্রদেশ আয়োজিত পার্টনারশিপ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ ( টিপিপি) এবং ট্রান্স-আটলানটিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপের (টিটিআইপি) মতো চুক্তি করছে। এ ধরনের সিদ্ধান্ত এলডিসিভুক্ত দেশগুলোর পক্ষে গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী কি না, তা খতিয়ে দেখার সময় এসেছে।
সামিটে বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার সবদেশকে সম্মিলিতভাবে আঞ্চলিক উন্নয়নের সব ধরনের বাধা মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। সরকার দেশের গুরুত্বপূর্ণ স্থানে স্পেশাল ইকনমিক জোন গড়ে তোলার কাজ করছে। ভারতের বিনিযোগকারীরা এখানে বিনিয়োগ করলে জমিসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।
/এসআই/এমএনএইচ/








