ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক হিসাব স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তার মালিকানাধীন এমবি ফার্মাসিউটিক্যালসের ২ কোটি ৯ লাখ টাকা ভ্যাট ফাঁকি উদ্ঘাটনের পর অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়।
মঙ্গলবার (১৭ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে এটি কার্যকর করতে বলা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) কয়েকটি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
এনবিআরের চিঠিতে বলা হয়েছে, ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত মেসার্স এমবি ফার্মাসিউটিক্যালসের কাছে মূল্য সংযোজন কর (মূসক) বাবদ ২ কোটি ৯ লাখ ৩ হাজার ৩৩৫ টাকা পাওনা রয়েছে। প্রতিষ্ঠানটির মূসক আদায়ে ঢাকা দক্ষিণের কাস্টমস, এপাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে একাধিকবার চিঠি দিলেও তারা বকেয়া পরিশোধ করেনি। এমন প্রেক্ষাপটে সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সংশ্নিষ্ট প্রতিষ্ঠান ও মালিকদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে।
চিঠিতে এমবি ফার্মাসিউটিক্যালস, প্রতিষ্ঠানটির মালিক আজিজ মোহাম্মদ ভাই, তার বাবা মোহাম্মদ ভাই, মা খাতিজা মোহাম্মদ ভাইয়ের নামও উল্লেখ রয়েছে।
প্রসঙ্গত, আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে সপরিবারে দেশের বাইরে থাকেন। মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য বিভিন্ন সময়ে প্রকাশ হয়েছে। ২০১৯ সালে অক্টোবর মাসে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় তার গুলশানের বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনার পরেও একবার তার ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছিল।
আরও পড়ুন:
আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসা থেকে মাদক ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ









