বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে এফটিএ স্বাক্ষরের জন্য ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এফটিএ স্বাক্ষরের বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়ে আছে। বাংলাদেশ ইতোমধ্যে এলডিসি গ্রাজুয়েশন করেছে। এখন উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে ব্যবসা-বাণিজ্যে এগিয়ে যেতে হবে। এ গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ঢাকায় গুলশান ক্লাবে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)’এর ২০ বছরপূর্তি উপলক্ষে ‘অপরচ্যুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস অব এফটিএ ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে ভুটানের সঙ্গে আমরা এফটিএ স্বাক্ষর করেছি। মালয়েশিয়া, ইন্দানেশিয়া, অস্ট্রেলিয়াসহ বেশকিছু দেশের সঙ্গে এফটিএ বা পিটিএ স্বাক্ষরের জন্য আমরা অনেক কাজ করেছি। এফটিএ বা পিটিএ স্বাক্ষরের ফলে আমাদের অর্থনীতির ওপর চাপ পড়বে তবে দীর্ঘমেয়াদি চিন্তা করলে এ কাজ আমাদের করতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সুবিধা আদায় করতে এর বিকল্প নেই।
টিপু মুনশি বলেন, এফটিএর সঙ্গে শুধু অর্থনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নয়, অনেক টেকনিক্যাল ও গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেশের স্বার্থ রক্ষা করেই আমাদের এ বিষয়ে এগিয়ে যেতে হচ্ছে। এ ক্ষেত্রে দেশের ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বিএমসিসিআই-এর প্রেসিডেন্ট রকিব মোহাম্মদ ফখরুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মাহমুদা খাতুন। প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএমসিসিআই এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।









