বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোশিয়েশনে (বাপা) প্রশাসক নিয়োগ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিন্নাত রেহানাকে এ দায়িত্ব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাপার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সঠিক ভোটার তালিকা প্রণয়নসহ নির্বাচন করাই হবে প্রশাসকের দায়িত্ব।
বুধবার (২৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, আলোচ্য বাণিজ্য সংগঠনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামীকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) উত্তীর্ণ হবে এবং উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়েছে। সার্বিক পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে হচ্ছে না। তাই বাণিজ্য সংগঠন অধ্যাদেশ-১৯৬১ এর ১০ ধারা মোতাবেক বাপায় প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসক ক্ষমতা গ্রহণের ছয় মাসের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়সহ কার্যনির্বাহী কমিটির নির্বাচন শেষ করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বিধি মোতাবেক সম্মানিভাতা পাবেন।
আদেশে আরও বলা হয়, লে. কর্নেল আব্দুন নূর খনি (অব.) কর্তৃক বাণিজ্য সংগঠনের পরিচালক বরাবর ৫ অক্টোবর দাখিল করা আবেদনের বিষয়ে ২০২১ সালের ১২ ডিসেম্বর হাইকোর্ট থেকে আদেশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে সেটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাপার ২০২১-২৩ মেয়াদের নির্বাচন ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য নির্বাচনি বোর্ড ও নির্বাচনি আপিল বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়।









