বিদ্যুৎ ও জ্বালানি—একই মন্ত্রণালয়ের দুই বিভাগ। খুব কাছাকাছি দুটি বিষয় হলেও পথ প্রায়ই আলাদা হয়ে যায়। কখনও তীব্র মতবিরোধও দেখা দেয়। দুই বিভাগের এই সংকট সমাধানে অবশেষে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের সংকট সমাধানে এক সপ্তাহের মধ্যে করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন নতুন জ্বালানি সচিব।
জ্বালানি বিভাগ সূত্র বলছে, বড়পুকুরিয়া কয়লা খনির ১০৯ কোটি টাকা বকেয়া থাকার ইস্যু নিয়েই প্রথম কথা ওঠে। জ্বালানি বিভাগের সাম্প্রতিক এক বৈঠকে বলা হয়, বড়পুকুরিয়া কয়লা খনি পিডিবির বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের কাছে ১০৯ কোটি টাকা পাবে। কিন্তু পিডিবি এই টাকা পরিশোধ না করায় অডিট আপত্তি এসেছে।
পিডিবি সূত্র বলছে, কয়লার মূল দাম পরিশোধ করা হয়েছে। কিন্তু বিভিন্ন সময় কয়লা নেওয়া হলেও বিল পরিশোধ না করায় সুদ ও সারচার্জ হিসাবে ১০৯ কোটি টাকা জমা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করা পিডিবির জন্য কঠিন। এজন্য আগেই ছাড় চাওয়া হয়েছে। এখন আবার নতুন করে ইস্যু সৃষ্টি করা হচ্ছে। যুক্তি হিসেবে পিডিবি বলছে, তারা লোকসানেই বিদ্যুৎ বিক্রি করছে।
জ্বালানি সচিব মাহবুব হোসেন বৈঠকে বলেন, যে বিষয়গুলো নিয়ে জ্বালানি বিভাগের সঙ্গে বিদ্যুৎ বিভাগের সমস্যা রয়েছে সেগুলো নিয়ে এক সপ্তাহের মধ্যে একটি ওয়ার্কিং পেপার তৈরি করতে হবে। এরপর এসব নিয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হবে।
বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগ সূত্র বলছে, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহ করে জ্বালানি বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান। প্রায়ই দুই বিভাগের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র নিয়েই একাধিকবার দ্বন্দ্ব দেখা গিয়েছিল।
পেট্রোবাংলা এর আগে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ সম্ভব নয় উল্লেখ করেও পিডিবিকে চিঠি দিয়েছিল। কিন্তু সেই তথ্য অগ্রাহ্য করে পিডিবি বড়পুকুরিয়াতে ইউনিট নির্মাণ করে। ফলে বছরের প্রায় পুরোটা জুড়েই কেন্দ্রটি জ্বালানির অভাবে বন্ধ থাকে।
বিদ্যুৎ বিভাগেরও উল্টো অভিযোগ রয়েছে। এ বিভাগের কর্মকর্তারা বলেন, জ্বালানি বিভাগ বেশিরভাগ ক্ষেত্রেই প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সময় লাগিয়ে দেয়। সম্প্রতি বিদ্যুৎ বিভাগের একটি কোম্পানি পায়রাতে একটি এলএনজি টার্মিনাল নির্মাণ করতে চাইলে তাতে বাধ সাধে জ্বালানি বিভাগ। যে কারণে প্রকল্পটি আর বিদ্যুৎ বিভাগ নির্মাণ করতে পারছে না। আবার জ্বালানি বিভাগও প্রকল্পটি নিয়ে খুব একটা আশার আলো দেখাতে পারছে না।









