ব্যাংক হিসাব খুলতে পারবে ৬ বছরের শিশুও

গোলাম মওলা
২৬ জানুয়ারি ২০১৬, ১৮:০৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৮:১৮

স্কুল ব্যাংকিং এখন থেকে ৬ বছরের যেকোনও শিশু দেশের যেকোনও ব্যাংকে হিসাব খুলতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলাসহ স্কুল ব্যাংকিংকে গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্তের কথা নির্দেশ আকারে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীকে জানিয়ে দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ৬ বছর থেকে ১৮ বছরের কমবয়সী শিক্ষার্থীরা যেন স্কুল ব্যাংকিংয়ের আওতায় হিসাব খুলতে পারে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, কোমলমতি শিশুদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ৬ বছরে শিশুদের ব্যাংক হিসাব খোলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, আর্থিক শিক্ষা ও স্কুল ব্যাংকিংকে জনপ্রিয় করতে এ পদক্ষেপ নেওয়া হয়। এই কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক পুরস্কার ‘কান্ট্রি অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ।

জানা গেছে, স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরুর পর পাঁচ বছরে ৯ লাখ ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করছে শিশু-কিশোররা। এই শিশুদের আমানতের পরিমাণ সাড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। কেবল স্বচ্ছল পরিবারের শিশু-কিশোর নয়, অনাথ পথশিশুদের জন্যও সহজ ব্যাংকিংসেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘স্কুল ব্যাংকিং কার্যক্রমকে অধিকতর বিস্তৃতকরণের উদ্দেশ্যে এখন থেকে ৬ বছরের কমবয়সী শিক্ষার্থীদের নামেও স্কুল ব্যাংকিং হিসাব খোলা যাবে’।

উল্লেখ্য, স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয় প্রবণতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে এই কার্যক্রম শুরুর নির্দেশনা দেয় দেশের ব্যাংকগুলোকে। এর আওতায় যেকোনও শিক্ষার্থী নিজের ছবি আর স্কুলের আইডি কার্ড দেখিয়ে মাত্র ১০০ টাকা দিয়ে নিজের নামে একটি সঞ্চয়ী হিসাব খুলতে পারে।

যেকোনও সময় যেকোনও অংকের টাকা এই অ্যাকাউন্টে সে জমা রাখতে পারে। এই অ্যাকাউন্ট চালাতে ব্যাংক কোনও খরচ নেয় না, বরং মুনাফা দেয়। এই হিসাবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের স্কুল-কলেজের বেতন বা ফিও পরিশোধ করতে পারে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, স্কুল ব্যাংকিং হিসাব খোলা ও পরিচালনার উদ্দেশ্যে সব ব্যাংক নিজ ব্যাংকের জন্য একটি করে বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। প্রতি বছর ডিসেম্বর মাসের মধ্যে পরবর্তী বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা নির্ধারিত ছকে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপককে জানাতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, তফসিলি ব্যাংকের প্রতিটি শাখা বছরে ন্যূনতম একবার নিজ-নিজ কর্ম এলাকার মধ্যে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি)  শিক্ষার্থীদের মধ্যে আর্থিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকগুলো সুনির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ও আর্থিক শিক্ষা প্রসারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং খোলা হবে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বিরতিতে (মাসে ন্যূনতম একবার) শিক্ষার্থীদের সঞ্চয় সংগ্রহের জন্য ভ্রাম্যমাণ কাউন্টার স্থাপন করার উদ্যোগ নিতে হবে।

প্রসঙ্গত, স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে আর্থিকসেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে ‘চাইল্ড অ্যান্ড ইউথ ফাইন্যান্স ইন্টারন্যাশনালের’ (সিওয়াইএফআই)  ‘কান্ট্রি অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ। ২০১৫ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ বাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিমের হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারনেস ভ্যালেরি জর্জিনা হওয়ার্থ। উদ্ভাবনী চেষ্টার মধ্য দিয়ে শিশু ও তরুণদের শিক্ষা ও জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে প্রতিবছর সাতটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয় নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সিওয়াইএফআই। ভারত ও ফিজিকে পেছনে ফেলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘কান্ট্রি অ্যওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় বাংলাদেশ।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম