দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল নরসিংদীতে প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) তারা প্রাণ-আরএফএল শিল্পপার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সুদানের প্রতিরক্ষা উপমন্ত্রী জেনারেল চোল থন বালোক তাদের সঙ্গে ছিলেন। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল তাদের কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বৃহস্পতিবার প্রাণ আরএফএল গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ গ্রুপ জানিয়েছে, প্রতিনিধিদল গ্রুপের প্রশংসা করেন। দেং দাউ দেং মালেক বলেন, দক্ষিণ সুদানে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ভালো চাহিদা রয়েছে। এক্ষেত্রে প্রাণ সে সুযোগ কাজে লাগাতে পারে।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, আফ্রিকা মহাদেশের ৪৭টি দেশে প্রাণ-এর পণ্য রফতানি হচ্ছে এবং সেখানে আমাদের পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। আমরা আগামীতে দক্ষিণ সুদানে পণ্য রফতানিতে ভালো করবো বলে আশা করছি।








