ক্রেডিট কার্ড সক্রিয় করার আগে গ্রাহকের ওপর কোনও নন-ট্রানজেকশনাল ফি বা চার্জ আরোপ করা যাবে না। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে ক্রেডিট কার্ড ইস্যুর পরে গ্রাহক ওই কার্ড সক্রিয় করার আগের এর বিপরীতে বিভিন্ন ধরনের নন-ট্রানজেকশনাল ফি/চার্জ আরোপ করা হচ্ছে। তা অনাদায়ে গ্রাহককে বিরূপমানে শ্রেণিকরণও করা হচ্ছে। যার ফলে জনসাধারণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, গ্রাহক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বাংলাদেশ ব্যাংক বলছে, এমন প্রেক্ষাপটে গ্রাহক স্বার্থ সংরক্ষণ এবং কার্যকর পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাংক কর্তৃক ক্রেডিট কার্ডের বিপরীতে নন-ট্রানজেকশনাল ফি/চার্জ আরোপের বিষয়ে নিম্নবর্ণিত নির্দেশনা প্রদান করা হলো:
১. ক্রেডিট কার্ড সক্রিয় করার আগে গ্রাহকের ওপর কোনও নন-ট্রানজেকশনাল ফি/চার্জ আরোপ করা যাবে না;
২. গ্রাহকের সম্মতি নিয়ে ক্রেডিট কার্ড সক্রিয় করার পর নন-ট্রানজেকশনাল ফি/চার্জ আরোপ করা
যাবে। তবে সক্রিয় ক্রেডিট কার্ডে গ্রাহকের লেনদেন (কেনাকাটা, নগদ উত্তোলন বা অন্য কোনও ধরনের মার্চেন্ট ট্রানজেকশন) সংক্রান্ত কোনও দায় না থাকলে অপরিশোধিত/বিলম্বে পরিশোধজনিত কারণে নন-ট্রানজেকশনাল ফি/চার্জ এর অতিরিক্ত কোনও জরিমানা আরোপ করা যাবে না।
৩. নন-ট্রানজেকশনাল ফি/চার্জ এর ওপর কোনও অবস্থাতেই সুদ/মুনাফা আরোপ করা যাবে না।
৪. নন-ট্রানজেকশনাল ফি/চার্জ সংক্রান্ত অপরিশোধিত দায়ের জন্য গ্রাহককে বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। তবে
ক্রেডিট কার্ডে গ্রাহকের লেনদেন সংক্রান্ত দায় গ্রাহক কর্তৃক যথাসময়ে পরিশোধিত না হলে ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং বিষয়ক নীতিমালা অনুসরণ করে গ্রাহককে বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে।
৫. ক্রেডিট কার্ডের বিল সম্পূর্ণ বা আংশিকভাবে আদায় হলে আরোপিত নন-ট্রানজেকশনাল ফি/চার্জ সমন্বয়ের পরে গ্রাহকের লেনদেন সংক্রান্ত দায় সমন্বয় করা যাবে।









