তৈরি পোশাক রফতানিতে বর্তমানে রফতানিকারকরা যে ১০ শতাংশ হ্রাসকৃত কর সুবিধা ভোগ করেন তার মেয়াদ বাড়াতে অর্থমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এই খাতের শিল্পমালিকরা। রবিবার সকালে তারা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে দেখা করে এই আবেদন জানান।
অর্থমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমইএ এবং নিট পোশাক রফতানিকারকদের সংগঠন বিকেএমইএ নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও উপস্থিত ছিলেন।
বৈঠকে পোশাকশিল্প মালিকদের সংগঠনগুলোর নেতারা জানান, বর্তমানে পোশাক রফতানির ক্ষেত্রে তারা ১০ শতাংশ হৃাসকৃত কর সুবিধা ভোগ করেন। আগামী ৩০ জুন এই সুবিধা শেষ হবে। ফলে এরপর থেকে তাদের পোশাক রফতানির ক্ষেত্রে ৩৫ শতাংশ হারে কর দিতে হবে। যা পোশাক রফতানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই বর্তমান সুবিধা আরও পাঁচ বছরের জন্য বাড়াতে তারা অর্থমন্ত্রীর কাছে আবেদন করেছেন।
বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী বলেন, তিনিও পোশাক মালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে একমত। তবে এই সুবিধা বহাল রাখার কিছু আইনগত জটিলতা আছে। এই প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করতে হবে। তারপর এ বিষয়ে যা করার করা হবে। এসময় অর্থমন্ত্রী বিষয়টি নিয়ে ভাববেন বলেও আশ্বাস দিয়েছেন।
/এসআই/এসএম/








