শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে তিনটি কোম্পানি (ওয়ালটন গ্রুপ, নেসলে বাংলাদেশ ও ওষুধ কোম্পানি রেনেটা) তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১৪ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা জমা দিয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে দেখা করে তার হাতে কোম্পানি তিনটির প্রতিনিধিরা চেক হস্তান্তর করেন। শ্রম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ওয়ালটন গ্রুপের তিনজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, আলমগীর আলম সরকার, মুহাম্মদ ওমর ফারুক রিপনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল তাদের গত এক বছরের লাভের পাঁচ ভাগের এক দশমাংশ ৯ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৩১৪ টাকার চেক হস্তান্তর করেন।
রেনেটা লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র দাস তাদের ৩ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৬৬০ টাকার চেক এবং নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিপাল আবেউইকরেমার নেতৃত্বে তাদের কোম্পানির লভ্যাংশ এক কোটি ৯৭ লাখ ৭৮৭ টাকার চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল শাহাদত আলম, নেসলে বাংলাদেশের ফিন্যান্স অ্যান্ড কন্ট্রোল ডিরেক্টর নমিত মিশ্র এবং রেনেটা লিমিটেডের ব্যবস্থাপক সুকুমার চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশি-বিদেশি মিলে আড়াইশ কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিচ্ছে। আজ পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ ৬শ ৬৫ কোটি টাকা।








