বাংলাদেশে যেসব ইলেকট্রনিক্স পণ্য উৎপাদিত হয় তা বিদেশ থেকে আমদানিতে নিরুৎসাহিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্য দেশ থেকেই কিনতে হবে। শুক্রবার (১০ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মুস্তফা কামাল বলেন, দেশের ভেতরে যেসব পণ্য উৎপাদন হয় সেগুলো যদি আমাদের ব্যবহারে লাগে, তাহলে উৎপাদন আরও বাড়ানো হোক। ওইসব পণ্য বিদেশ থেকে আনা আমরা ভালোভাবে দেখি না। দেশের ভেতর যেসব পণ্য উৎপাদন, তা দেশে থেকেই কিনতে হবে। সেগুলো যেন বিদেশ থেকে আনার চেষ্টা না করা যায়, সে বিষয়ের নিরুৎসাহিত করছি। আমরা এভাবেই মেড ইন বাংলাদেশ কনসেপ্টকে এগিয়ে নিয়ে যাবো।









