চলতি (২০১৫-১৬) অর্থবছর অবশ্যই জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, গত অর্থবছরে রাজনৈতিক অস্থিরতার প্রভাব জিডিপিতে পড়েনি বলেই চূড়ান্ত হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ। এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস ঠিক নয়। সংস্থাটি বাস্তবতা বিবর্জিত পূর্বাভাস দেয়। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈদেশিক সহায়তা ব্যবহার বিষয়ক এক আলোচনায় তিনি এ সব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমার গর্ব হচ্ছে, আগে জাতীয় বাজেট হতো শতভাগ বৈদেশিক সহায়তায়। এখন হচ্ছে জিডিপির মাত্র ১ দশমিক ৫২ শতাংশ থেকে ১ দশমিক ৭০ শতাংশের মধ্যে। কিন্তু তাই বলে দাতাদের ফান্ডের প্রয়োজন নেই, তা নয়। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা দারিদ্র্য নিরসনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, এর জন্য উন্নয়ন সহযোগীদের ফান্ডের প্রয়োজন রয়েছে।
তিন দিনব্যাপী এ বৈঠকের সমাপনী দিনে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন। এ সময় ইউএস এইড-এর কান্ট্রি ডিরেক্টর ইয়ানিনা জেরুজালেস্কি বক্তব্য রাখেন।
/এসআই/ এমএনএইচ/








