চলতি বছর ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ১ লাখ ১৩ হাজার ৫০৩ কোটি ৪৩ লাখ টাকার ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। যা গেল বছরের তুলনায় প্রায় সাড়ে ৮ শতাংশ বেশি। দেশের কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ ঋণ বিতরণ করবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত ও মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের এ লক্ষ্যমাত্রা গেল বছরের তুলনায় ৮ হাজার ৯১৬ কোটি ৯৪ লাখ টাকা বা ৮ দশমিক ৫৩ শতাংশ বেশি। ২০১৫ সালে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ চার হাজার ৫৮৬ কোটি ৪৯ লাখ টাকা।
এ সময় স্বপন কুমার রায় জানান, বড় ঋণগ্রহিতার তুলনায় ক্ষুদ্র ও মাঝারি খাতের আদায় ভালো বিবেচনায় এসএমই খাতে এখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণে বেশি আগ্রহী। যার ফলে দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও গেল বছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত অর্থায়ন করেছে। গেল বছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও ১০ দশমিক ৭৯ শতাংশ বেশি অর্থায়ন করতে সক্ষম হয়েছে।
এ সময় আরও জানানো হয়, ২০১৫ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৭ লাখ ২৪ হাজার ৯০৩ জন উদ্যোক্তার মাঝে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার তুলনায় ১১ হাজার ২৮৩ কোটি টাকা বা ১০ দশমিক ৭৯ শতাংশ বেশি। বিতরণকৃত ঋণের মধ্যে ১ লাখ ৮৮ হাজার ২৩৩ জন নারী উদ্যোক্তা রয়েছে। যার ঋণের পরিমাণ ৪ হাজার ২২৬ কোটি টাকা।
/জিএম/এএইচ/








