বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওএসকো) এর এশিয়া প্যাসিফিক রিজিওনালের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
মঙ্গলবার (১৯ জুলাই) ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে চীনকে পরাজিত করে প্রথমবারের মতো এই গৌরব অর্জন করে বাংলাদেশ। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, এই প্রথম বাংলাদেশ আইওএসকোর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ার নির্বাচিত হলো। এটা আমাদের জন্য গৌরবের। বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসে এটি বড় অর্জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
২০১৩ সালের ২১ ডিসেম্বর আইওএসকোর মানদণ্ডের ভিত্তিতে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়। এ জন্য এমওইউ স্বাক্ষরকারী হওয়ার জন্য বিএসইসির আবেদন অনুমোদন করেছে আইওএসসিও।
আন্তর্জাতিকভাবে এনফোর্সমেন্টের সহযোগিতা পাওয়া ও দেওয়া আইওএসকোর বিভিন্ন নেতৃস্থানীয় পদে নিয়োগ ও নির্বাচনের সুযোগ লাভ এবং আইওএসকোর নীতিনির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্তির যোগ্যতা অর্জন করে বিএসইসি।









