শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এক বছরের লভ্যাংশের নিদিষ্ট অংশ ২ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা জমা দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ২ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার ৮২৭ টাকার চেক তুলে দেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চিফ ফিনানসিয়াল অফিসার ইলিয়াস আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধিদল। শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের পাঁচ ভাগের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে।
এ পর্যন্ত দেশি-বিদেশি বা বহুজাতিক মিলে ২৬৫টি কোম্পানি বা প্রতিষ্ঠান এ তহবিলে নিয়মিত লভ্যাংশ জমা দিয়ে আসছে। আজ পর্যন্ত এই তহবিলে প্রায় ৬৮৫ কোটি টাকা জমা হয়েছে। এই তহবিল থেকে প্রতিষ্ঠানিক-অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়।
মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের পরিচালক শ্যামল কিশোর, একাউন্টস ম্যানেজার মুসফিকুল হায়দারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।









