জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে: ঢাকা চেম্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৮:২৫আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৮:৪৫

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমে আসা সত্ত্বেও সরকার গত শুক্রবার জ্বালানি তেলের মূল্য ৪২.৫ শতাংশ থেকে ৫২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের আপামর জনগণের জীবনযাত্রার পাশাপাশি সার্বিকভাবে আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

রবিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী কোভিড মহামারির প্রভাব কমে আসার পর, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে গতিসঞ্চার হওয়ার মাধ্যমে আমাদের অর্থনীতিতে পুনরুজ্জীবনের একটি প্রতিফলন পরিলক্ষিত হচ্ছিল। এমতাবস্থায় চলতি বছরের জুন মাসে গ্যাসের মূল্য বৃদ্ধি এবং গত শুক্রবার (৫ আগস্ট) ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধির এ সিদ্ধান্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে খরচ বৃদ্ধির মাধ্যমে সার্বিকভাবে মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিবে, যার ফলে জনগণের জীবনযাত্রায় দুর্ভোগ নেমে আসবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে আমদানিকৃত জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, যার কারণে আমাদের শিল্প খাত প্রয়োজনীয় বিদ্যুতের অভাবে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখতে পারছে না। এর প্রভাব রফতানি বাণিজ্যে পড়তে পারে।

বিশেষ করে অস্বাভাবিক হারে ডিজেলের মূল্য বৃদ্ধি এবং সম্প্রতি ইউরিয়া সারের মূল্য কেজিপ্রতি প্রায় ৬ টাকা বৃদ্ধি আমাদের কৃষি খাতকে চাপে ফেলবে, যদিও এ খাতটি আমাদের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি প্রান্তিক পর্যায়ে সর্বোচ্চ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে থাকে। তাছাড়াও জ্বালানির মূল্য বৃদ্ধি শিল্প খাতে আমাদের পণ্য উৎপাদন ও পণ্য পরিবহন খরচকে আরও বাড়িয়ে দিবে, যার ফলে ব্যবসা-বাণিজ্যে ব্যয় বাড়বে, পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে। এর ফলে বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশ আরও পিছিয়ে পড়বে এবং স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত হবে।

সার্বিক অবস্থা বিবেচনায় ঢাকা চেম্বার মনে করে, দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে একটি দীর্ঘমেয়াদি জ্বালানি নীতিমালা প্রণয়নের পাশাপাশি স্থানীয়ভাবে গ্যাস উত্তোলন কার্যক্রম সম্প্রসারণের কোনও বিকল্প নেই। এছাড়াও, এনার্জি মিক্স জ্বালানি ব্যবহারে অপচয় হ্রাস ও কস্ট অ্যান্ড এনার্জি এফিশিয়েন্ট বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাপনা একান্ত জরুরি। সেই সাথে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে কৃচ্ছ্রসাধনে আরও কঠোর তদারকি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমে এলে তার সাথে সঙ্গতি রেখে দ্রুতই স্থানীয় বাজারে জ্বালানির মূল্য হ্রাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে ডিসিসিআই।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম