বাংলাদেশ থেকে বালু, ওষুধ ও চালসহ সেদেশের জন্য প্রয়োজনীয় সব পণ্য আমদানি করতে চায় মালদ্বীপ। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত ড. মোহাম্মেদ অসিম আজ সোমবার বাংলাদেশি পণ্য আমদানি করার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ সচিবালয়ে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপের সময় তোফায়েল আহমেদ মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ থেকে ওষুধ ও চাল আমদানি করলে মালদ্বীপ লাভবান হবে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল শ্রীলংকায় রফতানি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নেপালে ভূমিকম্পের সময়ও বাংলাদেশ অনুদান হিসেবে ১০ হাজার মেট্রিক টন চাল সেদেশে পাঠিয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মালদ্বীপ বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। সেখানে বাংলাদেশের প্রায় ৬৭ হাজার মানুষ বসবাস করছে। মালদ্বীপে অবস্থানরত ৬০ জন বাংলাদেশি চিকিৎসক সুনামের সঙ্গে স্বাস্থ্য সেবা দিচ্ছেন। মালদ্বীপের অনেক ছাত্র-ছাত্রী বাংলাদেশের মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।’
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ গত অর্থ বছরে (২০১৪-১৫) মালদ্বীপে ৫ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলারের পন্য রফতানি করেছে। একই সময়ে বাংলাদেশ ১ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের পণ্য মালদ্বীপ থেকে আমদানি করেছে। চলমান বাণিজ্য বৃদ্ধি করলে উভয় দেশই উপকৃত হবে বলে তিনি জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মান সম্পন্ন ওষুধ তুলনামূলক কম দামে সরবরাহ করতে সক্ষম। উন্নত বিশ্বসহ পৃথিবীর প্রায় ১০৭টি দেশে বাংলাদেশ ওষুধ রফতানি করছে। মালদ্বীপও এ সুযোগ নিতে পারে।
মালদ্বীপের রাষ্ট্রদূত ড.মোহাম্মেদ অসিম ওষুধ শিল্পে বাংলাদেশ’র অভাবনীয় উন্নতির প্রশংসা করে বলেন, তার দেশ আগামী দিনে বাংলাদেশ থেকে বেশি করে ওষুধ আমদানি করবে। তিনি দু’দেশের মধ্যে চলমান ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করতে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
মালদ্বীপে বাংলাদেশের তৈরি ইলেক্ট্রনিক পণ্য, টয়লেট্রিজ, ওষুধ, ক্রোকারিজ, শুকনা খাবার, কাপড়, শিশুদের পোশাক, শাবান, অলংকার, প্লাস্টিক সামগ্রী, চামড়াজাত পণ্য প্রভৃতি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য,বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ২০১৫ সালের ১৭ নভেম্বর উভয় দেশের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা হয়েছে।
/এসআই/ এফএস/








