ভয় দেখিয়ে নয়, ব্যবসায়ীদের বুঝিয়ে শুনিয়ে সুন্দর আচরণের মাধ্যমে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায় করার পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ভ্যাট আদায়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। এনবিআর ও এফবিসিসিআই’র যৌথ আয়োজনে সোমবার মতিঝিলের এফবিসিসিআই ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, সুন্দর আচরণের মাধ্যমে কর আদায় করতে হবে। ভ্যাট আদায়ের ক্ষেত্রে অনেক হয়রানি আছে, তবে তা সমাধানের চেষ্টা করব। তিনি বলেন, নতুন ভ্যাট আইন সম্পর্কে ব্যাপক আকারে জনগণকে জানাতে হবে। যিনি কর দেবেন, তাকে বোঝাতে হবে। যেন আইন ও নিয়ম অনুযায়ী কর দেন। আর আইন ও বিধি মোতাবেক একই ব্যবসায় যেন ভিন্ন ভিন্ন কর আদায় করা না হয়, সে বিষয়টি নিশ্চিত করব।
এনবিআর সদস্য আরও বলেন, হয়রানিমুক্ত কর আদায় সবার প্রত্যাশা। আমরা বিনয়ের সঙ্গে বলব, ব্যবসায়ীদের সমস্যা জানানোর জন্য। সেখানে আমরা সুষ্ঠু আচরণ করার জন্য এনবিআরের মাঠ পর্যায়ের সবাইকে বলব।
সভায় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
/এসআই/এমএনএইচ/








