দেশে প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী শুরু হবে আগামী জুলাই মাসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আগামী ৪, ৫ ও ৬ জুলাই- ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-২, পুস্পগুচ্ছে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে বাজুস আশা করছে। বাজুস জানায়, এই প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক মেশিনারিজের সঙ্গে পরিচয় ঘটবে। ফলে নতুন নতুন জুয়েলারি শিল্প কারখানা স্থাপনে ব্যবসায়ীরা উৎসাহিত হবে। শিল্প কারখানা স্থাপনের ফলে জুয়েলারি শিল্পের বিকাশ ও রফতানির দুয়ার উন্মোচিত হবে। এদেশে স্বর্ণ শিল্পের হারানো ঐতিহ্য আবার ফিরে পাবে। দেশের কারিগর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজাইনের গহনা তৈরি করতে সক্ষম হবে।
প্রদর্শনীতে ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, চীন ও থাইল্যান্ডসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান তাদের মেশিনারিজ প্রদর্শন করবে।









