ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আহমেদ মুনিরুছ সালেহীনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার জায়গায় ড. মাঈনুল খানকে প্রেষণে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান ট্যারিফ কমিশনের পূর্ব পাকিস্তান শাখার নতুন নাম হয় ট্যারিফ কমিশন। ১৯৭৩ সালে এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি অধিদফতর হিসেবে কাজ শুরু করে। ১৯৯২ সনের নভেম্বরে বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ১৯৯২ এর অধীনে বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে পুনর্গঠিত হয়। ২০১৮ সালে সংস্থাটির নাম পরিবর্তন করে নতুন নাম করা হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
বর্তমানে এটি দেশীয় শিল্পসমূহকে অসম প্রতিযোগিতা থেকে রক্ষা ও যথাযথ সংরক্ষণের লক্ষ্যে একটি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করছে।









