সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ এবং এর মালিকদের দেশে-বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য চেয়েছে।
বিএফআইইউ সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে সম্প্রতি তাদের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।
তিনি জানান, আমরা এস আলম গ্রুপের বিস্তারিত তৈরি করছি এবং সিঙ্গাপুরের এফআইইউতে এই তথ্য পাঠাতে প্রস্তুত।
সম্প্রতি গণমাধ্যমে কিছু প্রতিবেদনের পর সিঙ্গাপুরসহ এস আলম গ্রুপের বিদেশি সম্পদ নিয়ে তদন্ত শুরু হয়েছে। এস আলম গ্রুপ বাংলাদেশের ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রণ হারায় তারা। এছাড়া বিএফআইইউ এস আলম গ্রুপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যক্তিগত অ্যাকাউন্ট জব্দ করেছে এবং ব্যাংকগুলো কোম্পানিটির সঙ্গে লেনদেন সীমিত করেছে।









