ফের শিক্ষকতায় ফেরার আশা প্রকাশ করেছেন সদ্য বিদায়ী গভর্নর ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
পদত্যাগের পর সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনাদের অনেককে আমি পড়িয়েছি। আগামীতে সেই সুযোগ হয়তো আবারও আমার আসছে। আমি শিক্ষক হিসেবে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে এসে আমার ছাত্রছাত্রীদের সামনে বিরাট অভিজ্ঞতা তুলে ধরতে পারব।’
সাবেক এই গভর্নর বলেন, ‘শেষ পর্যন্ত আমার পরিচয় শিক্ষকই থাকলো। আমি বিধাতার কাছে খুবই কৃতজ্ঞ।’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির কেলেঙ্কারি মাথায় নিয়ে মঙ্গলবার পদত্যাগ করেছেন আতিউর রহমান।
১৯৭৫ সালে মাস্টার্স পড়ার সময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে প্ল্যানিং অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন আতিউর। ১৯৮৩ সালে পিএইচডি শেষ করে যোগ দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে (বিআইডিএস)। দেশে এবং দেশের বাইরের কয়েকটি ইউনিভার্সিটিতে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
/ইউআই/এজে/








