যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে বাণিজ্য সচিব মাহবুবর রহমান বলেন, আমদানি-রফতানির অনেক কিছুর সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় জড়িত এবং তাদের নিজস্ব আইনও আছে। তাই বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত বিষয়ে আমরা আজকে তাদের মতামত নিলাম। বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ বিষয়ে এখন রেগুলার মিটিং হবে। তারপর বাংলাদেশের অবস্থান ও কাগজপত্র প্রস্তুত করে আমরা যুক্তরাষ্ট্রকে পাঠাবো। তার ভিত্তিতে দুই দেশের মধ্যে আলোচনা হবে।
কবে নাগাদ বাংলাদেশ প্রস্তাব পাঠাবে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছি, তারা এখনও আমাদের জানায়নি।
ইন্দোনেশিয়ার ওপর আরোপিত শুল্ক কমিয়ে ১৯% করার খবরের বিষয়ে জানতে চাইলে সচিব এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।








