পলায়ন ও অসদাচরণের অভিযোগে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক মিজ নাজমা আকতারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয় শাখা বৃহস্পতিবার (২৪ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী মিজ নাজমা আকতারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার শিষ্টাচার পরিপন্থী আচরণ কর্মস্থলে শৃঙ্খলা ও পরিবেশ বিঘ্নিত করছে বলেও উল্লেখ করা হয়।
এই পরিপ্রেক্ষিতে বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এ প্রজ্ঞাপনে সই করেন।









