বাংলাদেশ ব্যাংক আমদানি-সংক্রান্ত বিদ্যমান সব নির্দেশনা একত্র করে নতুন একটি মাস্টার সার্কুলার জারি করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশিত এ সার্কুলার আগামী এক বছর কার্যকর থাকবে।
নতুন নির্দেশনায় এলসি (লেটার অব ক্রেডিট), রেমিট্যান্স, ক্রয়চুক্তির আওতায় আমদানি, সরবরাহকারী ও ক্রেতার ঋণ, সফটওয়্যারের ই-ডেলিভারি, বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং স্বর্ণ, রৌপ্য ও গয়নার আমদানিসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত মাসে রফতানি খাতে একই ধরনের মাস্টার সার্কুলার জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। আমদানি খাতে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহল। তাদের মতে, এতে আমদানিকারক ও ব্যাংকের জন্য নীতিমালা বোঝা সহজ হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে দেশের নীতিমালার সামঞ্জস্য বৃদ্ধি পাবে।
ব্যবসায়ীরা আশা করছেন, ভবিষ্যতে বৈদেশিক ঋণ, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, বিদেশে বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা হিসাব সংক্রান্ত ক্ষেত্রেও এ ধরনের মাস্টার সার্কুলার প্রণয়ন করা হলে বৈদেশিক লেনদেন আরও স্বচ্ছ ও সহজ হবে।









