পাঁচ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে এ সমর্থনের কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। বৈঠকে ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে পাঁচটি ব্যাংকের সঙ্গে বৈঠক করছে। এর অংশ হিসেবে আজ ছিল তৃতীয় দিনের আলোচনা। আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) ইউনিয়ন ব্যাংক এবং বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক গভর্নরের অসুস্থতার কারণে স্থগিত হয়েছে। পরে নতুন তারিখ জানাবে কেন্দ্রীয় ব্যাংক।
বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে আমাদের কোনও দ্বিমত নেই। আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে।’
তিনি আরও জানান, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে এস আলম গ্রুপ বেনামি ঋণের মাধ্যমে প্রায় ৩৮ হাজার কোটি টাকা নিয়েছে। নিজের নামে ঋণ গ্রহণের সুযোগ না থাকায় বেনামি হিসাবে এ অর্থ তোলা হয়। এসব ঋণের অর্থ ফেরত না আসায় ব্যাংক গভীর সংকটে পড়েছে।









