বাংলাদেশ রফতানি বাণিজ্যে বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ভারতের মনিপুরসহ এ অঞ্চলের চাহিদা মোতাবেক বাংলাদেশ উন্নত মানের পণ্য রফতানি করতে আগ্রহী। বাংলাদেশের তৈরি ফার্নিচার, তৈরি পোশাক, ওষুধ, মাছসহ, খাদ্যপণ্যের প্রচুর চাহিদা রয়েছে মনিপুরে। মনিপুরের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিপেলে উভয় দেশ উপকৃত হবে।
ভারতে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুক্রবার মনিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম আইবোবি সিংয়ের সঙ্গে তার কার্যালয়ে একান্ত বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার সময় তিনি এ সব কথা বলেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে অস্ত্র এবং মাদকদ্রব্য ছাড়া সব পণ্য রফতানিতে বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিয়েছে। ভারত সরকার কিছু ক্ষেত্রে কাউন্টার ভেলিং ডিউটি (সিভিডি) আরোপের কারণে আশানুরূপ পণ্য রফতানি হচ্ছে না। আশা করা হচ্ছে উভয় দেশের আলোচনার মাধ্যমে এ ধরনের ডিউটি সমস্যা সমাধান করা সম্ভব হবে। মনিপুর বাংলাদেশের তৈরি উন্নতমানের পণ্য কম খরচে নিতে পারবে। বাণিজ্য বৃদ্ধি পেলে উভয় দেশ উপকৃত হবে।
মনিপুরের মুখ্যমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের তৈরি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে মনিপুরে। বাংলাদেশের পণ্য মনিপুরে এলে মানুষ ভালোমানের পণ্য সুলভমূল্যে পাবে। এ জন্য দুদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। মনিপুর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী। উভয় দেশের সরকার ও ব্যবসায়ীরা আন্তরিক হলে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু করলে এ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পাবে। ভারতের নর্থ-ইস্ট রিজিয়নে বাংলাদেশের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। তখন উভয় দেশের মধ্যে বাণিজ্য সুবিধা বৃদ্ধি পাবে। এ বিষয়ে মনিপুর রাজ্য সরকার এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ মনিপুরের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে প্রয়োজনীয় সবধরনের উদ্যোগ নেবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার তথ্য তুলে ধরেন। মনিপুরের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিও সুবিধার্থে মনিপুর চেম্বার এবং বাংলাদেশের এফবিসিসিআইএর মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
এ সময় মনিপুর রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী গোভিনদাস কনথোজাম, মনিপুর চেম্বারের কর্মকর্তা এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সফররত বাংলাদেশের এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমাদসহ প্রতিনিধি দলের সমস্যরা উপস্থিত ছিলেন।
/এসআই/এমএনএইচ/








