চীনের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ ক্যান্টন ফেয়ারে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। মেলায় প্রদর্শিত হচ্ছে ‘মেইড ইন বাংলাদেশ খ্যাত’ ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য।
শুক্রবার (১৫ এপ্রিল) চীনের গুয়াংজু প্রদেশে এ মেলা শুরু হয়েছে বলে কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওয়ালটন কর্তৃপক্ষের প্রত্যাশা, এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের ক্রেতারা ওয়ালটন সম্পর্কে জানতে পারবেন। মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি এই ব্র্যান্ডকে বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্লোবাল বায়ারদের কাছে পৌঁছানো সহজ হবে বলে মনে করছেন তারা।
মেলায় অংশ নিতে ওয়ালটনের ২৮ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে অবস্থান করছেন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গুয়াংজু প্রদেশে ৫৯ বছর ধরে নিয়মিত এই মেলার আয়োজন করা হয়। এটি চীনা আমদানি-রপ্তানি মেলা বা ক্যানটন ফেয়ার নামে পরিচিত। এ বছর ৫ দিনব্যাপী ১১৯তম আন্তর্জাতিক ক্যান্টন ফেয়ার ১৫ এপ্রিল শুরু হয়ে চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। মেলায় ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, লাইটিং ইক্যুইপমেন্ট, ভেহিক্যালস অ্যান্ড স্পেয়ার পার্টস, মেশিনারি এবং হার্ডওয়্যার অ্যান্ড টুলস পণ্য প্রদর্শিত হবে। ওয়ালটন ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে মেলায় অংশ নিয়েছে।
ক্যান্টন ফেয়ারে ওয়ালটনের রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রিচার্জেবল ফ্যান, ইলেকট্রিক সুইস, সকেট, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডার, এসিড লেড রিচার্জেবল ব্যাটারিসহ অন্যান্য পণ্য প্রদর্শীত হবে।
চীনে নিযুক্ত ওয়ালটনের প্রতিনিধি মীর আবুল হোসেন লিটন বলেন, ক্রেতাদের আকৃষ্ট করতে গ্লোবাল ব্র্যান্ডগুলোর সঙ্গে পণ্যমান এবং মূল্য প্রতিযোগিতায় ওয়ালটন অনেকটাই এগিয়ে থাকবে।
ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, দেশের বাজারে শীর্ষস্থান অর্জনের পর ওয়ালটনের লক্ষ্য বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি। আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ গ্রহণে ওয়ালটন সম্পূর্ণ প্রস্তুত। আর এই বার্তাটিই বিশ্বের সব ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ক্যান্টন ফেয়ারে অংশ নিয়েছে।
/এসএনএইচ/








