পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোশিয়েশনের নব নির্বাচিত প্রতিনিধিদল।
রবিবার শেরেবাংলা নগরস্থ মন্ত্রীর দপ্তরে তারা এ সাক্ষাৎ করেন।
সংগঠনের নব-নির্বাচিত সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাহে আলম জেমস এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন সাংবাদিকরা।
পরিকল্পনামন্ত্রী বলেন, একটি তাজা এবং জীবন্ত সংবাদচিত্র সংগ্রহ করাই টিভি ক্যামেরা সাংবাদিকের কাজ। তবে এ কাজ অনেক ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ। এ সময় তিনি টিভি ক্যামেরা সাংবাদিকদের পেশাগত ও জীবনমান উন্নয়নে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রাশেল মাহমুদ, অর্থ সম্পাদক সাইদ হায়দার, সহ-অর্থ সম্পাদক কৃষ্ণ দে আকাশ এবং সহ-দপ্তর সম্পাদক নুসরাত জাহান শান্তা উপস্থিত ছিলেন।
/এসআই/এসএনএইচ/








