সিরামিক পণ্য আমদানিতে বিদ্যমান ৬০ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখার দাবি জানিয়েছে সিরামিক ওয়্যারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
রবিবার জাতীয় রাজস্ব (এনবিআর) ভবনে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এ দাবি করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন।
প্রাক বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর সদস্য (ভ্যাট) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন।
ইরফান উদ্দিন বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এ সিরামিক টাইলসের উপর আমদানি ও দেশের পণ্যে সমান হারে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণ করা হয়েছে। দেশে উৎপাদিত পণ্যে ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ এবং আমদানি পণ্যে ৬০ শতাংশ থেকে কমিয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। তাই প্রতিযোগিতামূলক বাজারে দেশিয় পণ্য টিকিয়ে রাখতে আমদানি পর্যায়ে সিরামিক পণ্যের উপর বিদ্যমান ৬০ শতাংশ হারে সম্পূরক শুল্ক বহাল রাখার প্রস্তাব করা হচ্ছে।
তিনি আরও বলেন, সিরামিক শিল্পের কাঁচামাল, উপকরণ ও যন্ত্রাংশের ওপর থেকে আমদানি শুল্ক কমানো পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি মওকুফ করার প্রস্তাব করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে।
এ সময় আন্ডারইনভইসিংয়ের মাধ্যমে বিদেশি সিরামিক পণ্য আমদানিজনিত অসম প্রতিযোগিতা থেকে দেশিয় শিল্পকে রক্ষা করতে ফিনিশড সিরামিক পণ্যের উপর আমদানি ট্যারিফ মূল্য বা সর্বনিম্ন আমদানি মূল্য নির্ধারণ করার দাবি জানান ইরফান উদ্দিন।
/এসএনএইচ/








