জনগণের অকুণ্ঠ সমর্থক ও অংশগ্রহণ, যুবশক্তির কর্মোদ্যোগ এবং প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে দেশ এক আলোকজ্জ্বল আগামীর পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি সুদৃঢ় অবস্থানে পৌছেছে। দেশ পর্দাপন করেছে সমৃদ্ধির সোপানে।
অর্থমন্ত্রী তার বক্তৃতায় স্থানীয় শাসন ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, স্থানীয় শাসন ব্যবস্থার গুণগত সংস্কার অত্যন্ত জরুরি। এ শাসন ব্যবস্থায় স্থানীয় সরকারের দায়িত্ব ও ক্ষমতা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। রাজস্ব সংগ্রহ কেন্দ্রীয় সরকারের হাতে রেখে স্থানীয় সরকারের দায়িত্ব ও ক্ষমতার সুস্পষ্ট বিভাজন নির্দিষ্ট করার সুযোগ রয়েছে। এজন্য প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, যার বাস্তবায়ন অচিরেই শুরু করতে হবে। অর্থমন্ত্রী এ প্রসঙ্গে জেলা সরকার প্রতিষ্ঠার কথা বলেন।
তিনি বলেন, অভিঘাত মোকাবিলা করে স্থিতিশীল অবস্থায় প্রত্যাবর্তনে বাংলাদেশের অসাধারণ পারদর্শিতা আছে। দেশে ও বিদেশে প্রচারিত নানা রকম নিরাশাকে অমুলক প্রমাণ করে আমরা এগিয়ে চলেছি। এদেশের মানুষের অপরিসীম প্রাণশক্তি, কঠোর পরিশ্রম ও প্রতিকূল অবস্থা হতে উত্তরণের সক্ষমতাই এসব নিরাশাকে অমূলক প্রমাণ করেছে। ব্যক্তিখাতের বিকাশ ও যোগ্য নেতৃত্বের কৌশল ও কার্যক্রম অসম্ভবকে সম্ভব করে তুলেছে।
প্রবৃদ্ধির গতিকে সুসংহত ও ত্বরান্বিত করার এখনই সময় মন্তব্য করে মুহিত বলেন, আমাদের গতিশীলতা যেন কোনওমতেই শিথিল না হয় তা নিশ্চিত করতে হবে। স্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক কর্ম পরিবেশ এবং চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করতে পারলেই আমরা এগিয়ে যাব।
বাজেট বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম, ত্যাগ ও অভিজ্ঞতার আলোকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী যে উন্নয়ন দর্শন লালন করেন, তা বাংলার জনগণেরই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিতে ভেঙে না পড়ে একে শক্তিতে রূপান্তরিত করার দৃঢ়তা তাঁকে একজন গণমুখী ও মানব উন্নয়নের নেতা হিসেবে আন্তর্জাতিক মডেলে পরিণত করেছে।
/ইএইচএস/টিএন/আপ-এআর/








