অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট আজ (বৃহস্পতিবার) বেলা ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট এটি।
বৃহস্পতিবার (৯ জুন) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বাজেটে অগ্রাধিকার পাবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে এবারের বাজেট প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন ও উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে।
তাই এবারের বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষা খাতকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইটে বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল আপলোড করা হবে। সেখান থেকে যেকোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব দলিল পাঠ ও ডাউনলোড করতে পারবে।
এছাড়া দেশ-বিদেশ থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে। এখানে পাওয়া সব মতামত ও সুপারিশ পরে বিবেচনা করা হবে।
জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময় ও পরে তা কার্যকর করা হবে। জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নিম্নলিখিত সরকারি ওয়েবসাইট লিংকের ঠিকানাগুলোতেও বাজেট সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে— https://nbr.gov.bd; https://plandiv.gov.bd; https://imed.gov.bd; https://www.dpp.gov.bd; https://pmo.gov.bd









