ঋণ অনুমোদন বা নবায়নে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও স্টেকহোল্ডারদের জন্য প্রণীত হালনাগাদ পরিদর্শন প্রতিবেদন ঋণ ফাইলে যথাযথভাবে সংরক্ষণ করতে সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি (বিআরপিডি) বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ‘সংস্থার অনুকূলে ব্যাংক কর্তৃক ঋণ অনুমোদন বা নবায়নের সময় বাধ্যতামূলকভাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও স্টেকহোল্ডারদের জন্য প্রণীত হালনাগাদ পরিদর্শন প্রতিবেদন গ্রহণ করে তা যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে। ব্যাংক কর্তৃক ঋণ অনুমোদন বা নবায়নের ক্ষেত্রে অন্য যেসব প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ করার প্রয়োজনীয়তা থাকবে, তাও যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।’
ওই নির্দেশনায় আরো বলা হয়, ‘সিএমএসএমই সেক্টরে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব বিবেচনায় এবং এ সেক্টরে ঋণের প্রবাহ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে কটেজ (সি), মাইক্রো (এম) এবং ক্ষুদ্র (এস) সাব-সেক্টরের যেসব প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর ২ (৮) ধারায় উল্লেখিত সংজ্ঞানুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হবে সেসব প্রতিষ্ঠানের ঋণ অনুমোদন বা নবায়নের সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং স্টেকহোল্ডারদের জন্য প্রণীত পরিদর্শন প্রতিবেদন গ্রহণ করে তা বাধ্যতামূলকভাবে আগামী ১ জানুয়ারি ২০২৩ তারিখ হতে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে।’









