সব কিছু ঠিক থাকলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী বৃহস্পতিবার ২ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবছর প্রস্তাবিত বাজেটের মোট আকার হতে পারে কমবেশি ৩ লাখ ৪০ হাজার ৭৩৫ কোটি টাকা। যা মোট জিডিপির ১৭ দশমিক ৩ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ জানিয়েছেন, প্রস্তাবিত এই বাজেটে ঘাটতি থাকছে জিডিপির ৫ শতাংশের মধ্যে। সেই দিক থেকে হিসাব করলে এবারের বাজেটে ঘাটতি থাকতে পারে কমবেশি ৯৭ হাজার ২৫৪ কোটি টাকা। যা চলতি অর্থবছরের বাজেট ঘাটতির তুলনায় ১০ হাজার ৮৯ কোটি টাকা বেশি। চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল কমবেশি ৮৭ হাজার ১৬৫ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার সঞ্চয়পত্র বিক্রি করে এই ঘাটতি মেটানোর চেষ্টা করবে। তাতে পুরোপুরি সফল না হলে সে ক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ নেওয়া হতে পারে।
এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার বাজেটে জিডিপির ৫ শতাংশ ঘাটতি কখনও বড় বা বেশি নয়। ঘাটতি বাজেটে জিডিপির ৫ শতাংশের মধ্যেই রাখা হয়েছে। তিনি বলেন, প্রথমে সঞ্চয়পত্র বিক্রি করে বাজেটের ঘাটতি মেটাতে অর্থ সংগ্রহ করবে। প্রয়োজন হলে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হবে। প্রয়োজন না হলে নেবে না। সরকার নির্ধারণ করেছে, নতুন বছর সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেবে তা জিডিপির ২ দশমিক ২ শতাংশ। চলতি ২০১৫-১৬ অর্থবছরও বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার একটা লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল, তা কিন্তু এখনও গ্রহণ করা হয়নি।
জানা গেছে, বাজেট ঘাটতি মেটাতে সরকার আগামী অর্থবছর অভ্যন্তরীণ উৎস থেকে ৬৬ হাজার ৩৮৪ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে শুধু ব্যাংক ব্যবস্থা থেকে সংগ্রহ করবে ৪৩ হাজার ৭৭৪ কোটি টাকা। চলতি ২০১৫-১৬ অর্থবছরে সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৩১ হাজার ৪৯৮ কোটি টাকা। নতুন বাজেটে ১২ হাজার ২৭৬ কোটি টাকা বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে অর্থ বিভাগ।
মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন বাজেটে ঘাটতি মোকাবিলায় সরকারের ঋণ ও জিডিপির অনুপাত ক্রমান্বয়ে কমাতে বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যে রাখা, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা ও বেসরকারি খাতে ঋণপ্রবাহ নিশ্চিত
করতে সরকারের ব্যাংক ঋণ গ্রহণের পরিমাণ সহনীয় পর্যায়ে রাখা এবং সঞ্চয়পত্রের সুদের হার সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার।
আরও পড়ুন:
রিজার্ভ চুরি: চাকরি হারাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ৬ কর্মকর্তা
/এসআই/এপিএইচ/








