বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ব্র্যাক ইউনিভার্সিটি’র মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও মাস্টার্স প্রোগ্রাম, সার্টিফিকেট প্রোগ্রাম এবং ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো শিক্ষামূলক কোর্সগুলো যৌথভাবে পরিচালনা করবে।
বিএফটিআই’র পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জাফর উদ্দীন এবং ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ভিনসেন্ট চ্যাং এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
রবিবার (৩১ অক্টোবর) ঢাকায় বিএফটিআই’র কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দেশের ব্যবসা-বাণিজ্যের অনেক ক্ষেত্রে আমাদের দক্ষ জনশক্তির অভাব রয়েছে। বিদেশ থেকে দক্ষজনশক্তি দিয়ে আমাদের চাহিদা পূরণ করতে হয়। বিএফটিআই এবং ব্র্যাক ইউনিভার্সিটি আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসার ওপর একাডেমিক কোর্স চালুর ফলে এ দক্ষ জনশক্তির অভাব পূরণ করা সম্ভব হবে। বিএফটিআই’র এ উদ্যোগ আমাদের আশার আলো দেখাচ্ছে। দেশে দক্ষ জনশক্তি তৈরি করা গেলে আমাদের অনেক বৈদেশিক মুদ্রার ব্যয় কমবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন একটি শক্তিশালী অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ব্র্যাক ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টি’র চেয়ারপারসন তামারা হাসান আবেদ, ব্র্যাক ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. ভিনসেন্ট চ্যাং বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিসেস মালেকা খায়রুন্নেসা, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের রেজিস্ট্রার শেখ শোয়েবুল আলম, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বিএফটিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বাণিজ্যমন্ত্রী বিএফটিআইয়ের ত্রৈমাসিক নিউজ লেটারের (ট্রেড ফর চেঞ্জ) আনুষ্ঠানিক উদ্বোধন করেন।









